ঈশ্বরদীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় সেলিম হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের দক্ষিণ পাশে সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম হোসেন পৌর শহরের পূর্বটেংরী ঈদগাহ রোড এলাকার মৃত রমজান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সেলিম রেললাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহী-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার হাত ও পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১৫ মিনিট পর তার মৃত্যু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাবিবা খাতুন জানান, গুরুতর আহত অবস্থায় সেলিমকে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, নিহত সেলিম কানে কম শুনতেন। রেললাইন পার হওয়ার সময় মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

তুহিন হোসেন / এনএএন টিভি