এশিয়া কাপ আর্চারিতে রৌপ্যপদক জিতলেন বাংলাদেশের সায়মা

ইরাকের সোলাইমানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি প্রতিযোগিতায় রিকার্ভ নারী ইভেন্টের ফাইনালে লড়াই করে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের আর্চার সায়মা সালাহ উদ্দিন। আজ বৃহস্পতিবার স্বর্ণপদকের লড়াইয়ে ইরানের মোবিনা ফাল্লাহর কাছে ৬-৪ সেট পয়েন্টে হেরে যান তিনি।

আজকের স্বর্ণপদকের লড়াইয়ে ইরানের মোবিনা ফাল্লাহর মুখোমুখি হন সায়মা। শুরু থেকেই আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। শেষ পর্যন্ত ৬–৪ সেট পয়েন্টে পরাজিত হয়ে রৌপ্যপদক অর্জন করেন সায়মা। স্বর্ণপদক হাতছাড়া হলেও তাঁর লড়াকু মনোভাব ও পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

ফাইনালে বাংলাদেশের সায়মা সালাহ উদ্দিন প্রথম সেটে ১০, ১০ ও ৯ স্কোর করে মোট ২৯ পয়েন্ট অর্জন করেন। ইরানের মোবিনা ফাল্লাহ প্রথম সেটে ৭, ৯ ও ৮ স্কোর করে পান ২৪ পয়েন্ট। ফলে প্রথম সেটে এগিয়ে যান সায়মা। দ্বিতীয় সেটে সায়মা ৯, ১০ ও ১০ স্কোর করে মোট ২৯ পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে মোবিনা ফাল্লাহ ৯, ৯ ও ৯ স্কোর করে পান ২৭ পয়েন্ট। এই সেটেও জয় পান বাংলাদেশের আর্চার। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান ইরানের মোবিনা ফাল্লাহ। তিনি ১০, ৯ ও ১০ স্কোর করে মোট ২৯ পয়েন্ট অর্জন করেন। সায়মা এই সেটে ৮, ১০ ও ৯ স্কোর করে পান ২৭ পয়েন্ট। ফলে তৃতীয় সেটে জয় পায় ইরানের আর্চার।

চতুর্থ সেটে সায়মা ৯, ৯ ও ৩ স্কোর করে মোট ২১ পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে মোবিনা ফাল্লাহ ৬, ৮ ও ১০ স্কোর করে পান ২৪ পয়েন্ট। এই সেটেও জয় পেয়ে লড়াইয়ে এগিয়ে যান ইরানের আর্চার। পঞ্চম সেটে সায়মা ৯, ৯ ও ১০ স্কোর করে মোট ২৮ পয়েন্ট অর্জন করেন। মোবিনা ফাল্লাহ ১০, ১০ ও ৯ স্কোর করে পান ২৯ পয়েন্ট। শেষ সেটেও জয় পান ইরানের আর্চার। সব মিলিয়ে ৬-৪ সেট পয়েন্টে জিতে স্বর্ণপদক নিশ্চিত করেন মোবিনা ফাল্লাহ। সায়মা সালাহ উদ্দিন অর্জন করেন রৌপ্যপদক।

সায়মার এই অর্জন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আর্চারির অগ্রযাত্রার একটি ইতিবাচক উদাহরণ। তাঁর এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card