খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে শান্তনু কর্মকার নামে এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে তিনটার দিকে ক্যাম্পাসের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শান্তনু ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী এবং ঢাকার রাজার দেউরি এলাকার বাসিন্দা সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে।
কুয়েটের শিক্ষার্থীরা জানায়, বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামার পর তিনি নিখোঁজ হন। শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ) আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান জানান, তাকে উদ্ধারের পর কুয়েটের মেডিকেল সেন্টারে নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।
এদিকে, শান্তনু’র মৃত্যুতে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
