ঝালকাঠির নলছিটিতে খেলার সময় ইঁদুর মারার বিষ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মৃত লামিয়া উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে এবং একই এলাকার রানা হাওলাদারের ছেলে রমজান। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, ‘দুপুরে দুই শিশু বাহিরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে ইঁদুর মারার বিষ কুড়িয়ে পায় তারা। এক পর্যায়ে ওই বিষ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানে চিকিৎসাধীন থেকে দুই শিশুর মৃত্যু হয়।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
