চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছয় বছরের মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন এক বাবা। একপর্যায়ে মেয়ের গলায় ছুরি ধরে রাখেন তিনি। স্বজনদের বারবার অনুরোধেও দরজা না খোলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে পাশের বসতঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে বাবা ও মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার রাতে উপজেলার সরকারি কলেজের পেছনে লক্ষ্মীনারায়ণ মন্দির-সংলগ্ন ওসমান কলোনিতে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া বাবার নাম মো. নাছির উদ্দিন (২৮) এবং মেয়ের নাম সাকিবা আক্তার (৬)।
নাছির পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তাঁর চার বছর বয়সী শাকিল নামে একটি ছেলেও রয়েছে। নাছিরের স্ত্রী পোশাকশ্রমিক। বর্তমানে স্ত্রীর আয়ে তাঁদের সংসার চলে। দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে গত ১০ বছর ধরে তাঁরা ওই কলোনিতে ভাড়া বাসায় বসবাস করছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন নাছির। তাঁর চিকিৎসাও চলছিল। তবে গত চার মাস ধরে ওষুধ সেবনের মাত্রা কমিয়ে দেওয়ার পর তাঁর আচরণে আবারও অস্বাভাবিকতা দেখা দেয়। গত সোমবার সকালে মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। দীর্ঘ সময় স্বজনেরা তাঁদের বের করে আনার চেষ্টা করেন। একপর্যায়ে লোকজন জড়ো হলে ছুরি নিয়ে সবাইকে ভয় দেখাতে থাকেন নাছির। পরে মেয়ের গলায় ছুরি ধরে রাখেন তিনি। এ অবস্থায় ঘরের ভেতরে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
পরে স্বজনেরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশল পরিবর্তন করে পাশের একটি বসতঘরের টিনের চাল খুলে ওই কক্ষে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাবা ও মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
নাছিরের ভাই মো. শাহজাহান বলেন, ২০২৩ সাল থেকে তাঁর ভাই মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর চিকিৎসা চলছে। তবে ওষুধের মাত্রা কমিয়ে দেওয়ার পর থেকেই আচরণে পরিবর্তন দেখা দেয়। গত সোমবার দুপুরে এমন আচরণের খবর পেয়ে বাসায় এসে দেখেন, ভাতিজিসহ ভাই ঘরের মধ্যে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা করেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ হোসেন বলেন, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে পাশের একটি বসতঘরের টিন খুলে ওই কক্ষে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাছিরের হাতে ছুরি দেখতে পায়। তিনি মেয়েকে ঘর থেকে বের হতে দিচ্ছিলেন না এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়। এরপর নাছিরকে থানায় নেওয়া হয়। পরিবারের সদস্যদের অনুরোধে চিকিৎসার জন্য তাঁকে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
