নাটোরে ছিনতাইয়ের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল বেপারীর ছেলে শৈবাল (২০) ও শহরের উত্তর বড়গাছা এলাকার মিলন শেখের ছেলে মো. লাম শেখকে (২০) আটক করেছে পুলিশ।
গতকাল (১৯ মার্চ) রাত সাড়ে দশটার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতিসহ ওই দুইজনকে আটক করা হয়। আজ (২০ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পুলিশ সুপার আরও জানান, গতকাল (১৯ মার্চ) বুধবার বিকেলে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার আবুল কালাম আজাদের ছেলে কাইফ ইসলাম মিতুল (১৯) পুরাতন মোটো ব্লগিং ক্যামেরা ক্রয়ের জন্য নাটোরে আসেন। এসময় অজ্ঞাত ৩/৪ জন যুবক মিতুলকে ক্যামেরা দেওয়ার কথা বলে বিকেল চারটার দিকে নাটোর শহরের তেবাড়ীয়া উত্তরপাড়া এলাকার নাঈমের নির্মাণাধীন বিল্ডিংয়ের ভেতরে নিয়ে যায়। সেখানে তারা ভিকটিমের গলায় চাপাতি ধরে তার কাছ থেকে নগদ ২১ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে মিতুল নাটোর খানায় এসে এজাহার দায়ের করেন।
এজাহারের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এ সময় ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাই যাওয়া নগদ ৯ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনসহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করে। তিনি আরও জানান, ধৃত আসামিরা নাটোর শহরসহ আশেপাশের থানা ও জেলা শহরে সংঘবদ্ধভাবে ছিনতাই করে থাকে।

Comments are closed.