জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু, হাসপাতালে তালা

জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় বেসরকারি “দুবাই হাসপাতাল”-এ চিকিৎসকের চরম অবহেলায় রিতু মণ্ডল (২২) নামে এক তরুণ প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৬ মে) সকাল ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা হাসপাতালটি ঘিরে ফেলে এবং তালাবদ্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহতের বড় ভাই লাবলু মণ্ডল জানান, “গত দুদিন ধরে আমার বোন প্রসববেদনায় ভুগছিল। রোববার বিকেল ৫টার দিকে আমরা তাকে দিগপাইত দুবাই হাসপাতালে ভর্তি করি। সিজারের মাধ্যমে একটি কন্যাশিশুর জন্ম হয়। মা-মেয়ে দুজনেই তখন সুস্থ ছিল। হঠাৎ গভীর রাতে রিতুর খিচুনি শুরু হয়। কিন্তু হাসপাতালে তখন কোনো ডাক্তার বা নার্স উপস্থিত ছিলেন না। সারারাত মৃত্যুযন্ত্রণায় ছটফট করেও সকাল ৬টার দিকে ও মারা যায়। পরে এক কর্মচারী এসে ওর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।”

তিনি আরও অভিযোগ করেন, “হাসপাতাল কর্তৃপক্ষের এই অবহেলায় আমার বোনের জীবন চলে গেছে। এটা ছিল তার প্রথম সন্তান। আমরা এর সঠিক বিচার চাই।”

রিতুর মৃত্যুর পর হাসপাতালের কেউ মরদেহ হস্তান্তরের দায়িত্বও নেননি। এমনকি পরিবারের কোনো প্রশ্নের উত্তরও দেয়নি কেউ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও আত্মীয়স্বজন হাসপাতালটি তালাবদ্ধ করে দেয়।

খবর পেয়ে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ স ম আতিকুল রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, “মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে জামালপুরের সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক জানান, “ঘটনার খবর পেয়ে আমি অফিস থেকে কর্মকর্তাদের হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালের কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এনএএন টিভি