র্যাবের ভাষ্য অনুযায়ী, জেসমিনকে ২২ মার্চ বেলা ১১টা ৫০ মিনিটে আটক করা হয়েছিল।
তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আটকের সময়টা হচ্ছে সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে।
আটক নিয়ে যে দুই রকম ভাষ্য পাওয়া গেল, তাতে সময়ের ব্যবধান দুই ঘণ্টা।
এই দুই ঘণ্টা জেসমিন কোথায় ছিলেন, সেটা জানতে চান তাঁর স্বজনেরা।
আটকের পরদিন জেসমিনের বিরুদ্ধে করা মামলায় বলা হয়,
বাদীর তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে র্যাবের টহল দল রাস্তা থেকে জেসমিনকে আটক করেছে।
তবে জেসমিনের স্বজনদের দাবি, পূর্বপ্রস্তুতি নিয়েই র্যাব অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে এবং শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এ ছাড়া ওই দিন বেলা সোয়া একটায় নওগাঁর হাসপাতালে ভর্তি করার আগ পর্যন্ত জেসমিনের অবস্থান সম্পর্কে তাঁর পরিবার কোনো তথ্য পায়নি।
র্যাবের ভাষ্য অনুযায়ী, জেসমিনকে আটকের পর থানায় নেওয়ার পথে অসুস্থবোধ করলে তাঁকে নওগাঁ হাসপাতালে নেওয়া হয়।
পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরদিন তিনি মারা যান।
জেসমিনকে আটকের সময় প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন আবু হায়াত, যাঁকে অভিযানের সময় জব্দতালিকার সাক্ষী করেছে র্যাব।
এর পরদিন (২৩ মার্চ) প্রতারণার অভিযোগে জেসমিনের বিরুদ্ধে যুগ্ম সচিব এনামুল হক রাজশাহীর রাজপাড়া থানায় যে মামলা করেন, তাতেও আবু হায়াতকে সাক্ষী করা হয়েছে।
আবু হায়াত নওগাঁ শহরের কল্পনা হার্ডওয়্যার নামের একটি দোকানের কর্মী।
তিনি গণমাধ্যমকে বলেন,
(২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জনকল্যাণ মোড়ের দিক থেকে মুক্তির মোড়ে তাঁর দোকানের সামনের রাস্তায় এক ব্যক্তি একটি রিকশা থামান।
ওই রিকশার আরোহী একজন নারী, তিনি মুঠোফোনে কথা বলছিলেন।
রিকশাটা থামানোর কয়েক মিনিটের মধ্যে র্যাবের একটি মাইক্রোবাস সেখানে পৌঁছায় এবং তাঁরা ওই নারীকে (জেসমিন) গাড়িতে তুলে নিয়ে যান।
পুরো ঘটনা ঘটেছে ১০ থেকে ১২ মিনিটের মধ্যে। তখন র্যাবের একজন সদস্য একটি কাগজে আবু হায়াতকে স্বাক্ষর করতে বলেন।
স্বাক্ষর করার পর র্যাব সদস্যরা ওই নারীকে নিয়ে চলে যান।
