রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে সকাল সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, মোহাম্মদপুর স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত ঐ ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবেলায় অন্য স্টেশন থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় এপেক্স জুতার শোরুমের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা। তালহা বিন জসিম জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।
