নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ডিজিএফআই সদস্য’ পরিচয়ে এক সিএনজিচালককে অপহরণ ও দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ভুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় অপহৃত চালককে আহত অবস্থায় উদ্ধারসহ অপরাধে ব্যবহৃত একটি পাজেরো জিপ, দুটি ওয়াকিটকি ও হ্যান্ডকাফ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় ঢাকার কদমতলী এলাকার বাসিন্দা ভুক্তভোগী সিএনজিচালক আলাউদ্দিন (৩৮) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
গ্রেফতাররা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর এলাকার নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লা ভূইঘর পূর্বপাড়া এলাকার আ. ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে বিভিন্ন পেশাজীবী মানুষকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
