জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছিরকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে ঢাকার একটি মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে ৭-৮ জন ব্যক্তি তাকে আটক করে। পরে রাতেই নাছিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।
শনিবার সকালে আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার প্রধান আসামি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মামলার নথি নং – জি আর ৬০৭/২৪।
জুলাই আন্দোলনে হামলার অভিযোগ ছাড়াও স্থানীয় কোতোয়ালি থানায় গত ৫ আগস্টের পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
শরিফুল ইসলাম / এনএএন টিভি
