বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভ করেছেন ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বহিরাগত লোকজন তাদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এর আগে গত ৩১ জানুয়ারি (বুধবার) একই দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ জানিয়ে বলেন, সকালে বিক্ষোভ প্রদর্শনের সময় বহিরাগত লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরে শ্রমিকরা তাদের কারখানা থেকে বের করে দেন। এ সময় কারখানার ভেতরের একটি স্থান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করেন তারা। শ্রমিকদের দমন করতে এসব রাতেই কারখানার ভেতরে নিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের। তারা জানান, বিভিন্ন অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন নিয়ে টালবাহানা করছে মালিকপক্ষ। গত ছয় মাস ধরে বেতন নিয়ে সমস্যা করছে তারা। নানা অজুহাতে কিস্তিতে বেতন পরিশোধ করছে। বিক্ষোভ ছাড়া বেতন পরিশোধ করছে না।কারখানাটির ডাইং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত ১০ হাজার শ্রমিক কর্মরত আছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি নূরে আযম মিয়া বলেন, ‘শ্রমিকরা সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু লাঠিসোঁটা উদ্ধারের কথা আমরা জানতে পেরেছি।’

 

এনএএন টিভি

Share this news as a Photo Card