রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের মামলায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার এবং চা চুমুক রেস্টুরেন্টের দুই মালিকসহ চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৪ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এ আদেশ দেন।
চারজন হলেন- কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।
এর আগে ২ মার্চ আসামিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুদিনের রিমান্ড শেষে চারজনকেই আজ দুপুরে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিদের আইনজীবীরা জামিন আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Comments are closed.