ভারতে রফতানির খবরে বরিশালের বাজারে বেড়েছে ইলিশের দাম। এমন খবরে বাজারগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সবচেয়ে বড় মাছের মোকাম পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মৎস্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের সর্তক করে ভোক্তা অধিকার। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে সেজন্য মূল্য তালিকা টানানো নির্দেশনা দেয়া হয়। তবে অভিযানে ইলিশের দামে কোনো অসংগতি পাওয়া যায়নি বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকারের উপ পরিচালক অপূর্ব অধিকারী।
এ দিকে মৎস্য অধিদফতরের দাবি, ইলিশের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর দাম কিছুটা বাড়লেও তা একেবারেই কম বলে জানান বরিশালের মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস।
বাজারে এক কেজির ইলিশ প্রতি মণ ৬৮ হাজার, ১২০০ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
