মাছ ধরতে গিয়ে কুড়িগ্রামে ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফুলকুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুই শিশু হলো—তাবাসসুম আক্তার (৯) ও ইব্রাহীম আলী (৮)। ইব্রাহীম ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে। তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাবাসসুম ও ইব্রাহীম জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। তাদের সঙ্গে ছিল আরেক শিশু মাহাবুর রহমান। তারা তলিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে আসে।

মাহাবুরকে জীবিত উদ্ধার করা গেলেও তাবাসসুমকে উদ্ধারে প্রায় আধাঘণ্টা সময় লেগে যায়। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরও প্রায় এক ঘণ্টা পরে ইব্রাহীমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card