চট্টগ্রাম ডিওএইচএস পরিষদে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা সভা

সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, পরিবেশবান্ধব জ্বালানির প্রসার এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে চট্টগ্রাম ডিওএইচএস পরিষদে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম ডিওএইচএস পরিষদের সভাপতি লে:কর্নেল এবিএম জয়নুল রশিদ (পিএসসি অব:) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন চট্টগ্রাম ডিওএইচএস পরিষদের সচিব লে. কর্নেল মো. আব্দুর রহিম (অব.)।

এ সভায় চট্টগ্রাম ডিওএইচএস পরিষদের সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার, স্থাপন ও ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন দিক তুলে ধরেন মাইশা পাওয়ার টেক বিডির রিজিওনাল ডিরেক্টর ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ‘ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্য সামনে রেখে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। বর্তমান বিশ্বে জ্বালানি সংকট, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা এবং পরিবেশদূষণ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব দিন দিন বাড়ছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ এখন শুধু বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নয়, বরং বিদ্যুৎ খরচ কমানো, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার অন্যতম কার্যকর মাধ্যম।

বাংলাদেশের প্রেক্ষাপটে সৌরবিদ্যুতের রয়েছে ব্যাপক সম্ভাবনা। বাসাবাড়ি, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো সম্ভব। একই সঙ্গে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়। এ সৌরবিদ্যুৎ মাধ্যমে বিলের ব্যয় অনেকাংশে কমানো সম্ভব। সৌরবিদ্যুৎ একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা। এ ধরনের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনায় এ কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়েও কার্যকর ভূমিকা রাখবে।

মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়া আরোও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। সেই সম্ভাবনাকে সামনে রেখে নির্ভরযোগ্য ও আধুনিক সৌরবিদ্যুৎ সমাধান নিয়ে কাজ করছে মাইশা পাওয়ার টেক বিডি। প্রতিষ্ঠানটি বাসাবাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও সেবা প্রদানে গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে উন্নতমানের সোলার প্যানেল, বিশ্বমানের আধুনিক প্রযুক্তির ইনভার্টার ও প্রয়োজনীয় যন্ত্রাংশের মাধ্যমে নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি গ্রাহকদের নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি সহায়তা, দ্রুত সার্ভিস এবং দক্ষ জনবলের মাধ্যমে সঠিকভাবে সোলার সিস্টেম স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা এসব বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জ্বালানি ব্যয় কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারিত হবে। উক্ত সভায় বক্তব্য রাখেন মাইশা পাওয়ার টেক বিডির প্রতিনিধি মো. ইব্রাহিম মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card