সাফে প্রথমবারের মতো ভিডিও সহকারী রেফারি , পরিচালনা হবে থাইল্যান্ড থেকে

দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রথমবারের মতো ব্যবহার হতে যাচ্ছে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রযুক্তি। চলমান সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের দুটি ম্যাচ ও ফাইনালে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এই প্রযুক্তি ব্যবহার করছে সাফ। স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’ এর কার্যক্রম পরিচালনা করবে। তবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সরাসরি ভিএআর পরিচালনা করা হবে না। পুরো কার্যক্রম চলবে থাইল্যান্ড থেকে। এ পদ্ধতিকে বলা হয় রিমোট ভিএআর।

ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হবে থাইল্যান্ডে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ পর্যালোচনা করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত প্রটোকল অনুযায়ী মাঠের রেফারিকে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবেন।

ভিএআর ব্যবহারের জন্য জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। প্রযুক্তির নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে কোয়ালিটির বিশেষজ্ঞরা ঢাকায় থেকে কাজ করছেন।

থাইল্যান্ড থেকে প্রযুক্তি পরিচালনার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ও দূরত্ব নিয়ে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, ‘আসিয়ান কাপের ভিএআর থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফেও সেটা অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেট ও অন্য বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবস্থা রয়েছে। আশা করি সুন্দরভাবেই সম্পাদন হবে।’

এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন সাফের সাধারণ সম্পাদক। তাঁর মতে, ভিএআর চালু প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রযুক্তি ব্যবহারে সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card