অক্টোবরে মার্কিন সরকারের বাজেট ঘাটতিতে ৪০৪ বিলিয়ন ডলার, বেড়েছে মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে একদিকে যেমন সরকারি ব্যয়ের চাপে রেকর্ড বাজেট ঘাটতি তৈরি হয়েছে, অন্যদিকে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতির পারদও চড়তে শুরু করেছে। ২০২৭ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ গত অক্টোবরে মার্কিন সরকারের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৪০৪ বিলিয়ন ডলারে। অক্টোবর মাসের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির রেকর্ড এটিই।

মার্কিন অর্থ দপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। সরকারি রাজস্ব আয় ৯ শতাংশ কমে যাওয়ার বিপরীতে সামরিক ব্যয় ও ঋণের সুদ পরিশোধের খরচ বেড়ে যাওয়াই এই বিশাল ঘাটতির মূল কারণ।

গতকাল বৃহস্পতিবার মার্কিন অর্থ দপ্তর জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে বাজেট ঘাটতি ১২০ বিলিয়ন ডলার বা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট ঘাটতি প্রায় ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল, যা ছিল গত পাঁচ বছরের মধ্যে দেশটির সর্বোচ্চ বার্ষিক ঘাটতি। বর্তমান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দেশটির বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। কিন্তু সেই লক্ষ্যমাত্রার বিপরীতে ২০২৬ অর্থবছরে ঘাটতি দাঁড়িয়েছিল জিডিপির প্রায় ৬ দশমিক ২ শতাংশে, যেখানে ২০২৫ অর্থবছরে এই হার ছিল ৫ দশমিক ৮ শতাংশ। ফলে অক্টোবরের এই রেকর্ড ঘাটতি স্কট বেসেন্টের জন্য নতুন করে আরেকটি বড় আর্থিক ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

অর্থ দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের অক্টোবরে মার্কিন সরকারের মোট রাজস্ব আয় ৩৫ বিলিয়ন ডলার বা ৯ শতাংশ কমে ৩৬৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। রাজস্ব আয়ের এই পতনের পেছনে নিট শুল্ক আয় ৩৯ শতাংশ কমে যাওয়া বড় ভূমিকা রেখেছে। ২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক থেকে আয় সর্বোচ্চ পর্যায়ে থাকায় ওই মাসে শুল্ক বাবদ ৩১ দশমিক ৩ বিলিয়ন ডলার এসেছিল, যা চলতি বছরের অক্টোবরে কমে ১৯ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি মজুরি থেকে সরাসরি কর কর্তন করা হয় না, এমন ব্যক্তিগত আয়কর বাবদ রাজস্বও গত বছরের অক্টোবরের তুলনায় ২৯ বিলিয়ন ডলার বা ৩৬ শতাংশ কমে ৫১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। মূলত ২০২৫ সালের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের কর প্রদানের সময়সীমা বাড়িয়ে দেওয়ায় গত বছরের অক্টোবরে বকেয়া করের কারণে রাজস্ব আয় কিছুটা বেশি ছিল। অর্থ দপ্তর আরও জানিয়েছে, উভয় অর্থবছরেই নভেম্বর মাসের কিছু ভাতা ও বিল পরিশোধের তারিখ এগিয়ে এনে অক্টোবরে সম্পন্ন করায় হিসাবের এই তারতম্য ঘটেছে; ক্যালেন্ডারভিত্তিক এই সমন্বয় বাদ দিলে অক্টোবরের ঘাটতি দাঁড়াত ২৮৫ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৪ বিলিয়ন ডলার বা ৪৯ শতাংশ বেশি।

রাজস্ব কমার ঠিক বিপরীত চিত্র দেখা গেছে সরকারি ব্যয়ের ক্ষেত্রে। অক্টোবরে মার্কিন সরকারের মোট ব্যয় গত বছরের একই মাসের তুলনায় ৮৪ বিলিয়ন ডলার বা ১২ শতাংশ বেড়ে ৭৭৩ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড গড়েছে। এই ব্যয় বৃদ্ধির পেছনে কৃষি ও সামরিক খাতের খরচ এবং ঋণের সুদ পরিশোধ মূল ভূমিকা রেখেছে। অক্টোবরে মার্কিন কৃষি দপ্তরের ব্যয় ১৪ বিলিয়ন ডলার বা ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার মূল কারণ ছিল কৃষি সহায়তা ও ত্রাণ তহবিল পরিশোধ। একই সময়ে সামরিক ব্যয়ও ২৮ বিলিয়ন ডলার বা ৩০ শতাংশ বেড়েছে। গত বছর মার্কিন সরকারের অচলাবস্থা বা শাটডাউনের কারণে সামরিক ট্রাস্ট ফান্ডে যে অর্থ পরিশোধ স্থগিত ছিল, তা চলতি বছরের অক্টোবরে পরিশোধ করা এবং সামরিক অভিযান, রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম ক্রয়ে ব্যয় বাড়ার ফলে প্রতিরক্ষা খাতে এই অতিরিক্ত খরচ হয়েছে। এ ছাড়া ফেডারেল ঋণের বিপরীতে মোট সুদ পরিশোধের ব্যয় গত বছরের অক্টোবরের তুলনায় ১১ বিলিয়ন ডলার বা ১১ শতাংশ বেড়ে ১১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১ অক্টোবর নতুন অর্থবছর শুরু হয় এবং পরবর্তী বছরের ৩০ সেপ্টেম্বর তা শেষ হয়।

বাজেট ঘাটতির এই চাপের মধ্যেই দেশটিতে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন শ্রম দপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জ্বালানি তেলের উচ্চমূল্যের প্রভাবে গত সেপ্টেম্বরে দেশটিতে ভোক্তা মূল্যস্ফীতি আরও বেড়েছে এবং মূল মূল্যস্ফীতির চাপও অর্থনীতিবিদদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সর্বশেষ এই তথ্যের ফলে চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কা নতুন করে দানা বেঁধেছে।

শ্রম দপ্তরের তথ্যমতে, আগস্ট মাসে ভোক্তা মূল্যসূচক ০ দশমিক ৪ শতাংশ বাড়লেও সেপ্টেম্বরে তা ০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বার্ষিক মূল্যস্ফীতির হার আগস্টের ৩ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। মাসিক ও বার্ষিক মূল্যস্ফীতির এই দুটি হারই অর্থনীতিবিদদের পূর্বাভাসের সাথে মিলে গেছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বাড়ার পেছনে জ্বালানি ব্যয়ই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম ৯ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পুরো মাসের সামগ্রিক মূল্যস্ফীতি বৃদ্ধির অর্ধেকেরও বেশি এসেছে কেবল গ্যাসোলিনের দাম বাড়ার কারণে। পাশাপাশি ডিজেলের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় পরিবহন ও পণ্য সরবরাহ খরচ বেড়ে আগামীতে খাদ্যপণ্যের দামও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

তবে সেপ্টেম্বরে খাদ্যপণ্যের দামে সামগ্রিকভাবে তেমন কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। ওই মাসে মুদি পণ্যের দাম ০ দশমিক ১ শতাংশ কমলেও এক বছর আগের তুলনায় তা ১ দশমিক ৮ শতাংশ বেশি ছিল। খাদ্যপণ্যের মধ্যে গরুর মাংসের দাম ১ দশমিক ০ শতাংশ এবং দুগ্ধজাত পণ্যের দাম ০ দশমিক ৯ শতাংশ কমেছে। অন্যদিকে অ্যালকোহলমুক্ত পানীয়ের দাম ০ দশমিক ৯ শতাংশ এবং ফলমূল ও শাকসবজির দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

খাদ্য ও জ্বালানি খাতকে হিসাবের বাইরে রাখলেও অন্তর্নিহিত বা কোর মূল্যস্ফীতির চাপ অর্থনীতিবিদদের ধারণার চেয়ে বেশি ছিল। সেপ্টেম্বরে কোর ভোক্তা মূল্যসূচক (কোর সিপিআই) ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে, যেখানে অর্থনীতিবিদরা ০ দশমিক ২ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। হোটেল আবাসনসহ বাসস্থান খাতে ব্যয় বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ এবং বাড়ির মালিকদের সমতুল্য ভাড়ার ব্যয় বেড়েছে ০ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া ব্যবহৃত গাড়ির দাম ০ দশমিক ৭ শতাংশ, জেট ফুয়েলের দাম বাড়ায় উড়োজাহাজের ভাড়া ১ দশমিক ২ শতাংশ এবং পোশাকের দাম ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বার্ষিক কোর মূল্যস্ফীতির হার আগস্টের ২ দশমিক ৪ শতাংশ থেকে ত্বরান্বিত হয়ে সেপ্টেম্বরে ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। তবে ফেডারেল রিজার্ভ তাদের ২ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা পরিমাপের ক্ষেত্রে সিপিআই-এর পরিবর্তে পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার্স (পিসিই) সূচক ব্যবহার করে থাকে, যে সূচকের কোর পরিমাপক গত আগস্টে ৩ দশমিক ০ শতাংশে অবস্থান করছিল।

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card