মুক্তিপণ দাবির দুদিন পর ডোবায় মিলল শিশুর লাশ

ফেনীতে নিখোঁজ ও মুক্তিপণ দাবির দুদিন পর ডোবা থেকে শিশু মো. হাছানের (১৮ মাস) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হাছান লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে। তারা দাগনভূঞায় ভাড়া বাসায় বসবাস করতেন।

তারেক জানান, শনিবার বিকালে বাসার সামনে দাদির সঙ্গে খেলাধুলা করার সময় হাছান নিখোঁজ হন। ওইদিন সন্ধ্যায় অপরিচিত নম্বর থেকে ফোন করে প্রথমে ১২ হাজার এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় হত্যার হুমকিও দেওয়া হয়। এ বিষয়ে পরদিন তিনি দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে খবর পেয়ে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটিকে হত্যা করা হয়েছে। মুক্তিপণ দাবির বিষয়টি প্রতারক চক্রের কাজ। হুমকি দেওয়া মোবাইল নম্বরটি নওগাঁর বলে জানা গেছে।