মুন্সিগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পৃথক এলাকায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আড়িয়াল ও দীঘিরপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

টংগিবাড়ী থানা পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. রিজান ঢালী (১৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিজান ঢালী উপজেলার বসাউল্লাহ এলাকার বাসিন্দা এবং মনির ঢালীর ছেলে।

অন্যদিকে, একইদিন দুপুরে দিঘীরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয় মো. আরাফাত খাঁর (২২)।

আরাফাত স্থানীয় জসিম খাঁর ছেলে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।