রাজধানীর আফতাবনগর মোড়ে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাদিয়া (২৩) নামের এক তরুণী। আজ সোমবার (৫ মে) দুপুরে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিকভাবে মৃত্যু হয় তার।
ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন সাদিয়া। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টা ৩০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, পাসপোর্ট করার পর বড় বোনের বাসায় ফিরছিলেন সাদিয়া। ওড়না রিকশার চাকায় আটকে গিয়ে গলায় প্যাঁচ লেগে ঘটে এই দুঃখজনক ঘটনা।
ঢামেক পুলিশ ক্যাম্পের ফাঁড়ি পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
নিহত সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউনে। ঢাকার সবুজবাগ এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি।
এই দুর্ঘটনা নগরীর যাত্রী নিরাপত্তা ব্যবস্থার দিকে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
