সাতক্ষীরায় ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মৌলভী আব্দুল লতিফ কলেজের শিক্ষার্থীরা সহপাঠী এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় কলেজ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, আনুলিয়া গ্রামের মফিজুল ইসলাম সানা ও আবু বক্কার সিদ্দিক ওই ছাত্রীকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। গত ২৭ এপ্রিল কলেজে যাওয়ার পথে তারা তাকে অপহরণ করে ধর্ষণ করেন। মামলার পরও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। প্রভাষক দীপ্র মন্ডল বলেন, ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ধর্ষিত ছাত্রীর পিতা জানান, মামলা করার পর অভিযুক্তরা এখন হুমকি দিচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহানারা বেগম এবং অন্যান্য শিক্ষক- শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আশাশুনি থানার ওসি শামসুল আরেফিন জানান, কোর্টে মামলা হয়েছে এবং নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এনএএন টিভি / আব্দুর রশিদ