সাময়িকভাবে বরখাস্ত হলেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন

সরকারের নির্দেশ অমান্য করে নির্ধারিত দিনে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর্মকর্তা মো. জাকির হোসেন ২১ ও ২৮ জুন এনবিআর ও এর অধীনস্থ কাস্টমস এবং ভ্যাট ও আয়কর সহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দপ্তর খোলা রাখার নির্দেশনা অমান্য করেছেন। ২৮-২৯ জুন যথাক্রমে শনি ও রোববার কাস্টম হাউজ, চট্টগ্রাম বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করেছেন।

এ কারণে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আগামী সাত কর্মদিবসের মধ্যে এই ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি সংযুক্ত, এটি বাংলাদেশের সবচেয়ে বড় কাস্টমস হাউস এবং দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ৯০ শতাংশের বেশি এখান দিয়েই পরিচালিত হয়। আমদানির জন্য প্রতিদিন প্রায় ৩,০০০-৪,৫০০ কনটেইনার (TEUs) চট্টগ্রাম বন্দরে খালাস হয়। মূল্য হিসেবে গড় ১,০০০-১,৫০০ কোটি টাকা সমমানের পণ্য আমদানি হয় ( বিশেষ করে চাল, গম, ভোজ্যতেল, যন্ত্রাংশ, কাঁচামাল ইত্যাদি)।

রপ্তানি পর্যায়ে প্রতিদিন গড়ে ২,০০০-৩,০০০ কনটেইনার রপ্তানি হয়; যার গড় মূল্য প্রায় ৫০০-৮০০ কোটি টাকা সমমান (বস্ত্র, চামড়া, হিমায়িত মাছ, কৃষি পণ্য ইত্যাদি)।

চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সরকার প্রতিবছর প্রায় ৭০,০০০ কোটি টাকা রাজস্ব আয় করে। বন্দরের মাধ্যমে প্রতিদিন ৫০ হাজারের বেশি মেট্রিক টন পণ্য লোড/আনলোড হয়।

উল্লেখ্য , এনবিআর সংস্কারের নামে সরকারের বিরুদ্ধে অব্স্থান নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গত দুই মাস ব্যাপী আন্দোলন অব্যাহত রাখে। এই সময়ে তারা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি এমনকি শাটডাউনের মতো কর্মসূচিতে চলে যান।মূলত তাদের উদ্দেশ্য ছিল দাবি আদায় নয়, সরকারকে বেকায়দায় ফেলা  ।

 

এনএএন টিভি