বিসিসিআই জানায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী কলকাতার ব্যবসায়ীরা

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কলকাতার ব্যবসায়ীদের বিনিয়োগের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) প্রেসিডেন্ট গৌতম রায়।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে আগ্রহী পশ্চিম বাংলার ব্যবসায়ীরা। এছাড়া বেঙ্গল চেম্বারের নেতারা এসময় বাংলাদেশের ম্যানুফাকচারিং শিল্প, ইঞ্জিনিয়ারিং, জ্বালানি, বিদ্যুৎ, আইটি, শিক্ষা, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জাহাজ শিল্প ও সেবা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, শিল্পায়ানের স্বার্থে দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে আগামী ২০৩০ সালের মধ্যে প্রতিবছর অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য উৎপাদন বা রফতানি আয়ের প্রত্যাশা রয়েছে।

দেশের প্রথম পরিকল্পিত ও স্মার্ট শিল্প নগর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের কাজ দ্রুত এগিয়ে চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রয়োজনীয় সব ইউটিলিটি সুবিধা সেখানে নিশ্চিত করা হচ্ছে। দাখিল করা বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী এখানে মোট বিনিয়োগ ১৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার হবে।

এছাড়া অর্থনৈতিক অঞ্চলগুলোতে এরইমধ্যে ৩৮টি প্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বলে জানান তিনি। এর মধ্যে সরকারি অর্থনৈতিক অঞ্চলে রয়েছে ৫টি এবং বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে ৩৩টি।

এদিকে বেঙ্গল চেম্বার প্রতিনিধিদলের সদস্যদের প্রশ্নের উত্তরে ইউসুফ হারুন বলেন, বেজা দুইটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। যার একটি দু’দেশের সীমান্তবর্তী স্থান মোংলায় ও অপরটি চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অংশে অবস্থিত। এছাড়া এ অঞ্চলগুলোর জন্য প্রকল্প বাস্তবায়ন ছাড়াও আইনী দলিল প্রস্তুতির কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

এসময় দুই দেশের সীমান্তবর্তী কুষ্টিয়া, পঞ্চগড়, বগুড়া, নীলফামারীতেও বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য বেজা কাজ করছে বলে জানান নির্বাহী চেয়ারম্যান। এছাড়া এশিয়ান পেইন্টস, ম্যারিকো, সাকাতাসহ বেশ কয়েকটি ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান এরইমধ্যে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, বিনিয়োগের ক্ষেত্রসমূহ যাচাইয়ের জন্য বেঙ্গল চেম্বারের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। কলকাতার ব্যবসায়ী নেতারা এসময় জুয়েলারি শিল্পসহ অন্যান্য শিল্পে কর অবকাশ, বিনিয়োগের প্রকৃতি, আমদানি রফতানি বিধি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বেজার মহাব্যবস্থাপক মোহাম্মদ হাসান আরিফ, সংস্থাটির সিনিয়র কর্মকর্তারা ও ভারতীয় প্রতিনিধি দলের নেতারা।

Share this news as a Photo Card