ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক গুটিয়ে ফেললেও, ভারতের সঙ্গে মস্কোর বাণিজ্যিক কার্যক্রম ক্রমান্বয়ে বেড়েছে।
গত এক বছরে দেশটি ভারতের পঞ্চম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হয়ে উঠেছে।
আর প্রথমবারের মতো ভারতে রাশিয়ান পণ্য রফতানি ছাড়িয়েছে ৪০ বিলিয়ন ডলার।
প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল থেকে মার্চ সময়ের মধ্যে ভারতে ৪১ দশমিক ৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে রাশিয়া।
যা গত অর্থবছরের তুলনায় বেড়েছে ৪ গুণ। এছাড়া দুই দেশের বাণিজ্য লেনদেন পৌঁছেছে ৪৪ দশমিক ৪ বিলিয়ন ডলারে।
এ মধ্যে ভারত থেকে পণ্য রফতানি হয়েছে ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের।
এদিকে গত এক বছরে ভারতের পঞ্চম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হয়ে উঠেছে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়া।
ভারতের অন্যান্য প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সংযুক্ত আরব-আমিরাত ও সৌদি আরব।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ১১৮ দশমিক ২ বিলিয়ন ডলার।
আর চীনের সঙ্গে ১০৪ দশমিক ৩ বিলিয়ন, সংযুক্ত আরব-আমিরাতের সঙ্গে ৭৭ দশমিক ৬ বিলিয়ন ও সৌদি আরবের সঙ্গে ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলার লেনদেন হয়েছে।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এক বিবৃতিতে জানিয়েছিলেন,
চলতি বছর দুইদেশের মধ্যে প্রাথমিকভাবে নির্ধারিত ৩০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এনার্জি কার্গো ট্র্যাকার ভর্টেক্সার তথ্য অনুসারে, চলতি বছরের মার্চে প্রতিদিন রাশিয়া থেকে ভারতের তেল ক্রয়ের পরিমাণ দাড়ায় ১ দশমিক ৬৪ মিলিয়ন ব্যারেলে।
যা ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ সৌদি আরবের সরবরাহের প্রায় দ্বিগুণ।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে দৈনিক ১ দশমিক ৬২ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে ভারত।
সম্প্রতি ভারত ও রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত-বাণিজ্য চুক্তির বিষয়ে পুনরায় আলোচনা শুরু হয়েছে।
যা পারস্পরিক বাণিজ্যকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে বলে আশাবাদী উভয় দেশই।
আরও পড়ুন:
