কর্মক্ষেত্রে নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সরকারের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
এফবিসিসিআই কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন তিনি।
মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে নারীরা অনেক দূর এগিয়েছেন, কিন্তু লিঙ্গসমতা ও অর্থনৈতিক ক্ষমতায়নে এখনও অনেক কাজ করার বাকি আছে।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিবদ্ধ ও দূরদর্শী নেতৃত্বে দেশের নারীরা ভবিষ্যতে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেন।
এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বেসরকারি খাতের অভিভাবক হিসেবে এফবিসিসিআই সবসময় প্রস্তুত।’
তিনি বলেন, নারীদের লাভজনক কর্মসংস্থানের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব হলে তা দেশের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
পাশাপাশি অর্থনীতিতে নারীদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে পাবলিক স্পেস নিরাপদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের ধারাবাহিক পঞ্চবার্ষিক পরিকল্পনায় লিঙ্গসমতার ওপর জোর দেয়া হয়েছে উল্লেখ করে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি বলেন,
আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে নারী উদ্যোক্তা ও নারীদের অংশগ্রহণ বাড়ানোর কাজ চলমান রয়েছে।
সমতার পথে এই দীর্ঘ অগ্রযাত্রায় অনেক নারী উপকৃত হচ্ছেন, যা ব্যবসায়িক স্টার্টআপ ও ডিজিটাল অর্থনীতিতে তাদের বিচরণ আরও বাড়াবে।
এ সময় চলমান অর্থনৈতিক সংকটে এফবিসিসিআইয়ের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন আইএফসি প্রতিনিধি শবনম হামিদ।
তিনি বলেন, আইএফসি বাংলাদেশ বর্তমানে কর্মক্ষেত্র, লিঙ্গ, জলবায়ু,
চাকরিসহ বাংলাদেশের বেসরকারি খাতে নারীদের কর্মসংস্থানের অগ্রগতির জন্য বেসরকারি খাতের অন্তর্ভুক্তির নকশা তৈরিতে কাজ করছে।
বেসরকারি খাতের অভিভাবক হিসেবে এফবিসিসিআই আইএফসির এ উদ্যোগে পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন, নাজ ফারহানা আহমেদ, প্রীতি চক্রবর্তী, ড. নাদিয়া বিনতে আমিন, আবু হোসেন ভূঁইয়া ও আইএফসি কর্মকর্তা জারিন তাসনিম।
আরও পড়ুন :
