দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেশিরভাগ দুর্যোগ মনুষ‍্য তৈরি। এটি আমাদের মোকাবেলা করতে হবে। এ ছাড়া আমাদের এ মুহূর্তে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। সোমবার রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স : মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, জলবায়ু নিয়ে কথাবার্তা বলি, কাজ কম করি। কয়েকটি দেশতো এটাতে টাকাই খরচ করে না। এটা এতই গুরুত্বপূর্ণ যে, এটি যদি সঠিকভাবে না করি, তাহলে ভবিষ্যত প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। পটুয়াখালী ও পাথরঘাটার মতো এলাকা এখনো সেভাবে নজরে আসেনি।
তিনি বলেন, ভি-২০ একটি বৈশ্বিক জোট আছে। সেখানে অনেক দেশের লোক থাকে, দাতা সংস্থা থাকে। সবচেয়ে বড় গ‍্যাপ হলো সিরিয়াসনেসের অভাব।অর্থ উপদেষ্টার মতে, পাঁচটা পার্টি যদি এক না হয়, জলবায়ু সংকট মোকাবিলা করা যাবে না।

তিনি বলেন, মানুষের তৈরি দুর্যোগ বাংলাদেশের কম না আর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। দুটোই মোকাবিলা করতে হবে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।