প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট নেতৃত্ব গড়ে তুলতে হবে

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সমাজের সব স্তরে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট নেতৃত্ব গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্ট লিডারশিপ একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্পিকার শিরিন শারমিন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সমাজের সব স্তরে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট নেতৃত্ব গড়ে তুলতে হবে।

কারণ তৃণমূল থেকে ওপরের দিকে সব স্তরে এমন লিডারশিপ গড়ে তোলা সম্ভব হলে ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।

স্মার্ট লিডারশিপ গড়ে তোলায় সংসদ সদস্যরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন জানিয়ে তিনি আরও বলেন,

‘একজন সংসদ সদস্য জনগণ দ্বারা নির্বাচিত। জনগণের সঙ্গে তাদের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে।

সংসদ সদস্যরাই তার নিজ এলাকার মানুষকে ডিজিটালি স্বাক্ষর জ্ঞানসম্পন্ন করার জন্য উদ্যোগী ভূমিকা পালন করতে পারেন।

বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্য থেকে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ স্মার্ট লিডারশিপ গড়ে উঠায় সহযোগিতা করতে পারেন।’

তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের ফলে আগামীতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জ্বালানিসহ প্রায় সব খাতে এআই,

আইওটি, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং, ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হবে।

এর সঙ্গে খাপ খাইয়ে চলতে হলে জনগণের ডিজিটাল স্বাক্ষরতার পাশাপাশি প্রযুক্তিতে দক্ষ হওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই।

এদিকে স্মার্ট নেতৃত্ব তৈরিতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার এডভোকেট মো. শামসুল হক টুকু বলেন,

আগামীতে মানুষের প্রয়োজনের অধিকাংশ কাজই করা হবে প্রযুক্তির সহায়তায়।

এজন্য নিজ নিজ এলাকার মানুষকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত ও সচেতন করার উদ্যোগ নিতে হবে জনপ্রতিনিধিদের।

আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ।

তবে এই নেতৃত্বদানের জন্য প্রয়োজন নেতৃত্ব তৈরি করা, বিশেষ করে তরুণদের মধ্য থেকে।

সেই নেতৃত্ব তৈরি করবে স্মার্ট লিডারশিপ একাডেমি।

তিনি আরও বলেন, নেতৃত্ব এবং মানুষের আশা, আস্থা ও বিশ্বাসের ওপর ভর করে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী,

টেকসই, উদ্ভাবনী, বুদ্ধিদীপ্ত ও জ্ঞাননির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এসময় অনুষ্ঠোনে আরও জানানো হয়, তরুণ প্রজন্মকে সময়োপযোগী করে গড়ে তোলার পাশাপাশি স্মার্ট নেতৃত্ব তৈরির জন্য রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে চালু করা হয়েছে স্মার্ট লিডারশিপ একাডেমি।

এ প্রশিক্ষণকেন্দ্রে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের হালনাগাদ প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে।

ফলে তারা নিজেরা প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজ নিজ এলাকায় স্মার্ট নেতৃত্ব গড়ে তুলতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আবদুস সালাম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. সামসুল আরেফিন।

এনএএন টিভি