মাছ -মাংসের সঙ্গে ডিমের দাম বৃদ্ধির ‘পাল্লা’

চট্টগ্রামের বিভিন্ন বাজারে মাছ , মাংস ও ডিমসহ জিনিসপণ্যের দাম বেড়েছে। এ ছাড়া শীতকালীন অনেক শাক সবজির দাম নাগালের মধ্যে থাকলেও কিছু কিছু সবজির দাম বাড়তির দিকে।

নিত্যপ্রয়োজনীয় শুকনো ও কাঁচা বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ার কারণে ক্রেতারা দিশাহারা। কিছুদিন আগের চাইতে এখন দাম বাড়ায় ক্রেতা সাধারণকে বাড়তি দামেই কিনতে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র।

নগরীর বহদ্দারহাট, চকবাজার ও কাজির দেউড়ি কাঁচাবাজার ঘুরে দাম বাড়ার এই চিত্র দেখা যায়। বহদ্দারহাটের তুলনায় চকবাজারে সবজি ও মাছের দাম কিছুটা বেশি। আবার চকবাজারের চেয়ে কাজির দেউড়ি বাজারে সবজির দাম ১০ থেকে ১৫ টাকা বেশি কেজি।

বহদ্দারহাট বাজারে কামাল উদ্দিন নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, শীত মৌসুমেও শাক সবজির দাম সীমিত আয়ের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গরুর মাংস কেনার ক্ষমতা নেই অনেকের। মাঝে মধ্যে ব্রয়লার মুরগি কেনার যে সুযোগ ছিল গত কয়েক দিনে তাও নাগালের বাইরে চলে গেছে। তা ছাড়া গরিবের মাছ বলে পরিচিত পাঙ্গাস ও তেলাপিয়া-নাইলেটিকা মাছের দামও বেশি।

শীত মৌসুমের বিভিন্ন সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। এ সব বাজারে প্রতি কেজি শিম ৪৫ থেকে ৫০ টাকা, শিমের বিচি বা খাইস্যা (স্থানীয়) ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কেজিতে টমেটো ৩৫ থেকে ৪০ টাকা, লম্বা ও গোল বেগুন ৪০ থেকে ৫০ টাকা, ছোট বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, করলা ৭৫ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৫৫ থেকে ৬৫ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা এবং নতুন আলু (মুন্সীগঞ্জ) ২৫ থেকে ৩০ টাকা, দেশি আলু (দোহাজারী) ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি লাউ ৩০ থেকে ৩৫ টাকা, চালকুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা, লেবুর ডজন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের মধ্যে এক আটি বাথুয়া শাক ২০ টাকা, কপি শাক ২০ থেকে ২৫ টাকা, পালংশাক ২৫ থেকে ৩০, লাউশাক ৩৫ থেকে ৪০ টাকা, লালশাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

আকার ভেদে রুই, কাতলা ও মৃগেল ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। ইলিশ ছাড়া এসব দুই কেজি সাইজের মাছ ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। এর চেয়ে বড় আকারের মাছ সাড়ে ৪ থেকে ৫শ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া-নাইলেটিকা প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা ও পাঙ্গাশ ১৭০ থেকে ২০০ টাকায় এবং চিংড়ির সাইজ অনুসারে কেজি ৬০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। টেংরা, শোল, শিং ও বোয়াল মাছ কেজি ৬৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ দিকে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে প্রতি ডজনে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত। বর্তমানে ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকা, দেশি ডিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা, হাঁসের ডিম ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মুরগি, গরু ও খাসির মাংসের দামও। কেজিতে ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা, সোনালি মুরগি ২৭০ থেকে ২৮৫ টাকা, লেয়ার মুরগি ২৪০ থেকে-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৭৫০ টাকায় গরুর মাংস কেজি, মহিষের মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১০০০ হাজার ১১০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে।

জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব বাজারে পড়েছে বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চট্টগ্রাম বিভাগের সভাপতি এস এম নাজের হোসাইন।

Share this news as a Photo Card