চট্টগ্রামে মিথ্যা ঘোষণা দিয়ে রফতানির জন্য প্রস্তুত তৈরি পোশাকের ৭টি কনটেইনার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এসব পণ্যের বাজারমূল্য ৩ কোটি টাকা।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গণমধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এর আগে গত ৩১ জানুয়ারি কনটেইনারগুলো জব্দ করা হয়। কনটেইনারগুলোতে বেবি ড্রেস, জিনস প্যান্ট, শার্ট, লেগিংস ও শালসহ মোট তিন কোটি টাকার পণ্য ছিল।
বিবৃতিতে বলা হয়, গত ৩১ জানুয়ারি উত্তর পতেঙ্গা এসএপিএল (ওসিএল) কনটেইনার ডিপোতে এ অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের একটি দল। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার মোল্লার টেকের সাবিহা সাইকি ফ্যাশন নামের রফতানিকারক প্রতিষ্ঠানের ১৫টি বিল অব এক্সপোর্ট সংক্রান্ত দলিল পর্যালোচনা করা হয়। এতে জালিয়াতির প্রাথমিক সত্যতা মিলে। এসব দলিল যাচাই করার জন্য অগ্রণী ব্যাংকে চিঠি দিলে ব্যাংকটির প্রধান শাখা থেকে জানানো হয়, সাবিহা সাইকি ফ্যাশন তাদের গ্রাহক নয়। এরপর গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত হন ভুয়া ইএক্সপি এবং এলসি কিংবা সেলস কন্ট্রাক্ট ব্যবহার করে পণ্য রফতানি করা হচ্ছিল।
এ ছাড়া সন্দেহযুক্ত চালানগুলোর কায়িক পরীক্ষার জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট লাইম্যাক্স শিপার্স লিমিটেডকে চিঠি দিয়েও সহযোগিতা পাননি বলে জানান শুল্ক গোয়েন্দারা। পরে ১৫টি বিল অব এক্সপোর্ট পর্যালোচনা করে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন এসব চালানের মধ্যে ৬টি এর আগেই রফতানি হয়ে গেছে। বাকি ৯ চালানের পণ্য ডিপোতে পাওয়া যায়। রফতানিকারক টি-শার্ট এবং লেডিস ড্রেস রফতানির ঘোষণা দিলেও জব্দ চালানে বেবি ড্রেস, জিন্স প্যান্ট, শার্ট, লেগিন্স, শালসহ ঘোষণা বহির্ভূত অসংখ্য পণ্য পাওয়া যায়।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত এই রফতানিকারকের ৯৪টি পণ্য চালানের হদিস পান শুল্ক গোয়েন্দারা। এর মধ্যে ৮৫টি চালান এরইমধ্যে রফতানি হয়ে গেছে। রফতানি হওয়া পণ্যের ওজন ৮৮২ মেট্রিক টন। টাকার অংকে ঘোষিত মূল্য ২২ কোটি। অন্যদিকে জব্দ ৯ চালানে ১১৮ টন পণ্য রয়েছে। এসবের ঘোষিত মূল্য ৩ কোটি টাকার কিছু বেশি। মালয়েশিয়া, সুদান, সংযুক্ত আরব আমিরাত, ত্রিনিদাদ ও টোবাগোতে পণ্যগুলো রফতানি করা হচ্ছিল।
এদিকে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, জালিয়াতির মাধ্যমে উল্লেখিত পণ্য রফতানি হওয়ার কারণে এই চালানগুলোর বিপরীতে কোনো বৈদেশিক মুদ্রা বৈধ পন্থায় দেশে প্রত্যাবাসনের সুযোগ নেই। তাই এক্ষেত্রে মানি লন্ডারিং সংঘটিত হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক মো. শাকিল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রফতানি চালানগুলোর বিষয়ে তদন্ত করা হচ্ছে। অনিয়মের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমানকে আহ্বায়ক করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
