পিরোজপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (পিসিসিআই) এ মেলার আয়োজন করে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
পিসিসিআই জানায়, প্রতিদিন বিকেল ৩টায় শুরু হয়ে মেলা চলবে রাত ১০ টা পর্যন্ত। মেলায় বিভিন্ন পণ্যের ৪৮ টি স্টলের পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরণের বিনোদনমূলক ব্যবস্থা রাখা হয়েছে।
এসময় পিসিসিআই সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক বলেন, এ মেলায় ব্যবসায়ীরা করোনার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন ও এখানকার মানুষ এ মেলায় এসে তাদের পছন্দের কেনাকাটা করতে পারবেন। এছাড়া মেলায় হয়রানির শিকার কমাতে ও জিনিসপত্রের অতিরিক্ত দাম বৃদ্ধির ব্যাপারে সার্বক্ষণিক নজরদারি করা হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান বলেন, দীর্ঘ কয়েক বছর পরে করোনা থেকে মুক্তি লাভ হওয়ার পর এমন একটি আয়োজন পিরোজপুরবাসীকে ব্যবসায়িক ও বিনোদনের ব্যবস্থা করায় এখানকার মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। এছাড়া এলাকার মানুষ এখানে এসে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারবেন।
পুলিশ সুপার মো. সাইদুর রহমান বলেন, মেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। যাতে কোনো প্রকার কেউ বিশৃঙ্খলা করতে না পারে।
এসময় মেলায় সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
