সাপ্তাহিক ছুটির দিনে সরবরাহ কমায় মানিকগঞ্জে বেড়েছে বেশির ভাগ সবজির দাম।
মরিচ, পেঁয়াজ ও পটোলের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। সবজির দাম বাড়ায় হতাশ সাধারণ ভোক্তারা।
তবে কৃষকদের দাবি, অনাবৃষ্টি ও উৎপাদন খরচ বাড়ায় দাম কিছুটা বেড়েছে।
সরেজমিন মানিকগঞ্জের জাগীর বন্দর আড়তে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিনে কৃষক ও পাইকারের বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে এ হাট।
সপ্তাহ ব্যবধানে হাটে কমেছে সবজির সরবরাহ। এতে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে বেশির ভাগ সবজির।
বাজারে প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। গত সপ্তাহে যা ছিল ২৫ থেকে ২৬ টাকা।
এ ছাড়া বেড়েছে মরিচ, পেঁয়াজ ও রসুনসহ অন্যান্য সবজির দামও।
বাজারে প্রতিকেজি মরিচ ৪০ থেকে ৪২ টাকা, রসুন ১১০ থেকে ১১৫ টাকা,
পেঁয়াজ ৪০ থেকে ৪২ টাকা, টমেটো ২৫ থেকে ২৬ টাকা ও করলা ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কমেছে ঢেঁড়স ও শসার দাম। বাজারে প্রতিকেজি ঢেঁড়স ২০ থেকে ২২ টাকা ও শসা ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতিকেজি বেগুন ১০ থেকে ১২ টাকা, পুঁইশাক ২০ থেকে ২২ টাকা ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকায়।
কৃষকরা জানান, বেশির ভাগ সবজির দাম বাড়লেও অনাবৃষ্টিতে জমিতে ফলন নেই। পাশাপাশি বেড়েছে উৎপাদন খরচও।
আর পাইকাররা বলছেন, বেশি দামে সবজি কিনে খোলা বাজারে বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
এদিকে বেশির ভাগ সবজির দাম বাড়ায় অসন্তুষ্ট ক্রেতারা। তারা জানান, ইচ্ছে করেই নানা অজুহাতে সবজির দাম বাড়াচ্ছেন বিক্রেতারা।
তাই বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের।
আর জাগীর বন্দর আড়তের সভাপতি মো. সৈয়দ আলী জানান, আড়তে আসা যানবাহনে পুলিশের হয়রানিসহ রয়েছে পানি নিষ্কাশনের অব্যবস্থা।
পাশাপাশি রয়েছে ব্যাংকিং লেনদেনের অসুবিধা। এসব সমস্যা সমাধানে দ্রুত প্রশাসনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ধলেশ্বরী নদীপাড়ের জাগীর বন্দর আড়তে ১৭১ জন আড়তদার
ও তিন হাজারের বেশি পাইকারের মাধ্যমে প্রতিদিন কোটি টাকার সবজি বেচাকেনা হয়।
আরও পড়ুন:
