সবজির সরবরাহ বাড়ায় নাটোরে কমেছে সবজির দাম

নাটোরে সবজির সরবরাহ বাড়ায় গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে সব ধরনের শীতকালীন সবজির দাম প্রতি কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে। দাম নিয়ে ক্রেতা স্বস্তি প্রকাশ করলেও কৃষক বলছেন, লোকসান গুনতে হচ্ছে তাদের।

নাটোরের স্টেশন বাজার। ভোর থেকে জমজমাট পাইকারি এ সবজির বাজার। এদিকে বাজারে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ। এতে গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে কমেছে দাম। প্রকারভেদে প্রতিকেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে সবজি।

বুধবার সরজমিনে বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ফুলকপি ৩ থেকে ৪ টাকা,আলু ১৪ থেকে ১৫ টাকা, সিম ১৪ থেকে ১৮ টাকা,বেগুন ১২ থেকে ১৪ টাকা, পেঁপে ১৪ থেকে ১৫ টাকা, প্রতি পিস লাউ ১০ থেকে ১২ টাকায় ও বাঁধাকপি ৪ থেকে ৫ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। তবে চলতি সপ্তাহে বাজারে সবজির দাম অন্যান্য বছরের তুলনায় কম।

তবে দাম নিয়ে অসন্তুষ্ট কৃষকের দাবি সার, সেচ ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় সবজির যে দাম পাচ্ছেন তাতে উৎপাদন খরচটুকুও উঠছে না তাদের।

কৃষকরা বলেন, সার, সেচ খরচ ও শ্রমিকের খরচ বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। গত ২ বছর সবজির দাম ভালো থাকলেও চলতি সপ্তাহে সব ধরনের সবজির দাম কমেছে। বর্তমান দামে কোনো সবজির উৎপাদন খরচ উঠছে না। ফলে লোকসান গুনছেন তারা।

এদিকে বাজারটিতে প্রতিদিন ৮শ’ থেকে ৯শ’ মণ সবজি সরবরাহ হচ্ছে। সরবরাহ অনুযায়ী ক্রেতা না থাকায় দাম কমেছে বলে দাবি আড়তদারদের।

আড়তদাররা বলেন, বাজারে সবজির সরবরাহ বেড়েছে। তবে সরবরাহ অনুযায়ী ক্রেতা না থাকায় দাম কমছে। এভাবে চলতে থাকলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হবে বলেও জানান তারা।

উল্লেখ্য, নাটোরের স্টেশন বাজারে প্রতিদিন ৩০ থেকে ৩৫ লাখ টাকার সবজি বিক্রি হয়।

Share this news as a Photo Card