সিসিসিআই সভাপতির তাগিদ দেশের রফতানি সূচক বাড়াতে

অবকাঠামো খাতের বিশাল বিনিয়োগকে পুরোপুরি কাজে লাগাতে দেশের রফতানি সূচক আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

রোববার (১২ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সিসিসিআই ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় সিসিসিআই সভাপতি বলেন, ‘এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়া ও দেশের অবকাঠামো খাতে যে বিশাল বিনিয়োগ তা পুরোপুরি কাজে লাগাতে হলে দেশের রফতানি সূচক আরও বাড়াতে হবে।’
কেবলমাত্র পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে রফতানি খাতকে সমৃদ্ধ করা সম্ভব জানিয়ে তিনি আরও বলেন, ‘উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তির সমন্বয় প্রয়োজন। এ লক্ষ্যে চিটাগাং চেম্বারের সহযোগিতায় বুয়েট চট্টগ্রামের বেসরকারি খাতগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।’

এছাড়া শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মানানসই নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে বুয়েট এগিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশকে শিল্পোন্নত করার যে উদ্দেশ্য নিয়ে বুয়েট প্রতিষ্ঠা করা হয়েছিল তার কাঙ্খিত প্রতিফলন ঘটছে না জানিয়ে বুয়েট উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘এখানকার শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে যায়। মেধাবীদের দেশের বাইরে চলে যাওয়ার কারণে বিপুল অঙ্কের অর্থের ক্ষতি হয়। আমাদের কাজের জন্য সফটওয়্যার আমদানি করতে হচ্ছে; যা মূলত আমাদের ছাত্ররাই বিদেশি প্রতিষ্ঠানের হয়ে তৈরি করছে। তাই আগামীর স্মার্ট ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে হলে এদের ধরে রাখতে হবে।’

এজন্য গবেষণা ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বুয়েট কাজ করছে বলে জানান তিনি।

সিসিসিআই’র সাবেক সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ বলেন, ‘২০৪১ সালে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে শিক্ষা, প্রকৌশল ও শিল্প খাতকে একীভূত করা প্রয়োজন।’

উল্লেখ্য, সমঝোতা স্মারকে বুয়েটের পক্ষে উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার, চিটাগাং চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও বিসিই’র পক্ষে ট্রেজারার সৈয়দ মোহাম্মদ তানভীর স্বাক্ষর করেন। এসময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমএ রশিদ, চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা ও পিএইচপি মোটরসের এমডি মো. আক্তার পারভেজ।

এছাড়া বুয়েটের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের পরিচালক প্রফেসর মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী, অঞ্জন শেখর দাশ, মো. ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী, মোহাম্মদ নাসিরুল আলম, ট্রেডবডির নেতা, চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card