রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন নির্মাতা শাহ আলম মণ্ডল। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতার পরিবারের সদস্যরা। চিত্রনায়িকা পরীমণি প্রয়াত এই পরিচালকের সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। শাহ আলম মণ্ডলকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী।
পরীমণি তার ফেসবুকে লিখেছেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন!’

পরী তার নানার প্রসঙ্গ টেনে বললেন, ‘আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনি ও …. মাফ করে দিয়েন ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’
শাহ আলম মণ্ডলের অন্যতম চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ভালোবাসা সীমাহীন’। এর মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় চিত্রনায়িকা পরীমণির।
পরিচালকের পারিবারিক সূত্রে জানা যায়, শাহ আলম মণ্ডলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তার লিভার ফাংশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা সিরিয়াস পর্যায়ে পৌঁছে যায়।
এদিকে, ২৩ নভেম্বর পরীর জন্য বেদনার। কারণ এদিন দিবাগত রাতে তিনি হারিয়েছেন তার নানা শামসুল হক গাজীকে।
