পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানকে নিয়ে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট থেকে আয় হওয়া ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।
‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের মূল আকর্ষণ ছিলেন রাহাত ফতেহ আলী। তিনি বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেছেন।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি দল ‘সিলসিলা’র উদ্বোধনী পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া কনসার্টে আরও গান পরিবেশন করেন ছাত্র-জনতার আন্দোলনে গান গেয়ে জেলজুলুমের শিকার হওয়া শিল্পী হান্নান, র্যাপার সেজানসহ দেশীয় ব্যান্ডদল চিরকুট, আর্টসেল ও আফটারম্যাথ।
‘স্পিরিটস অব জুলাই’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থসংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। এ পরিষদে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক আনসারুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম চৌধুরী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক রেজওয়ানুল হক খান এবং বারডেম হাসপাতালের অধ্যাপক মাহবুবুল হাসান মুনির।
কনসার্টের যাবতীয় আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিতে অডিট রিপোর্ট প্রস্তুতের জন্য একটি অডিট কোম্পানির সঙ্গে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।
শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন কনসার্টের আয়োজক মহিউদ্দিন মুজাহিদ, এস এম এহসান উল্লাহ, খাইরুল আহসান, সাদেকুর রহমান, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী ও রাইয়ান রহমান।
