হাসপাতালে উপস্থাপক মৌসুমী মৌ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টিভি পর্দার জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। বিষয়টি মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের দুটি ছবি দিয়ে বিষয়টি জানিয়েছেন মৌ।

ক্যাপশনে লেখেন, ‘ফুসফুসে ইনফেকশনের কারণে আজ বিপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচের পোস্ট শো ক্যানসেল করতে হলো। জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারবে না। কিন্তু হতাশ হলে চলবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে।’

তিনি আরও লেখেন, ‘ফরচুন বরিশালকে অভিনন্দন বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ায়। এবারের বিপিএলে বহুবার আমি ফরচুন বরিশালের ম্যাচ শেষে বলেছি আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল। শেষ পর্যন্ত জয়টা কিন্তু তাদেরই হলো। জীবনও এমনই পুরোটা গেইম। কেউ জিতে কেউ হারে!’

প্রসঙ্গত, শোবিজ অঙ্গনে প্রায় এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার মৌয়ের। এর মধ্যে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও চুটিয়ে করেছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার।