কী ঘটেছিল আহমেদ রুবেলের সঙ্গে, জীবনের শেষ ৪০ মিনিটে

গাজীপুরের ছায়াবীথি থেকে হাতে সময় নিয়েই বের হয়েছিলেন আহমেদ রুবেল। সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে তাঁর ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার শো ছিল।গাড়ি চালাচ্ছিলেন আহমেদ রুবেল। পথে উত্তরা থেকে ‘পেয়ারার সুবাস’–এর নির্মাতা নূরুল আলম আতিককে গাড়িতে তুলে নেন; সঙ্গে সহকারী পরিচালকও ছিলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে সোয়া পাঁচটার দিকে বসুন্ধরা সিটিতে পৌঁছান তিনি।

গাড়ি নিয়ে সোজা বসুন্ধরা সিটির বেজমেন্টে ঢুকলেন। গাড়ি রেখে বেজমেন্টের হাঁটা পথে হাঁটছিলেন। এর মধ্যে হুট করে পড়ে গিয়ে মাথায় আঘাত পান রুবেল। পাশে থাকা নির্মাতা আতিক, নিরাপত্তারক্ষী মাসাদুল হকসহ আরও কয়েকজন এগিয়ে আসেন।মাসাদুল হক প্রথম আলোকে জানালেন, দেয়ালে লেগে তাঁর কপাল ফুলে যায়। ধরাধরি করে তাঁরা আহমেদ রুবেলকে পাশের চেয়ারে বসান। মাথায় পানি দেন।‘আমরা ভেবেছিলাম, উনি মাথা ঘুরে পড়ে গেছেন। তাই মাথায় পানি দিচ্ছিলাম। তখন তাঁর জ্ঞান ছিল। বারবার ঢেকুর তুলছিলেন,’ বললেন মাসাদুল।রুবেলকে বসুন্ধরা সিটির প্রথম তলায় জরুরি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নেওয়া দরকার। ওপর তলা থেকে হুইলচেয়ার আনতে বিলম্ব হচ্ছিল বলে আতিক, মাসাদুলরা কোলে করে রুবেলকে চিকিৎসাকেন্দ্রে নেন।

মাসাদুলের ভাষ্যে, তখনো রুবেলের জ্ঞান ছিল। প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক রুবেলকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হুইলচেয়ারে বসিয়ে প্রথম তলা থেকে বসুন্ধরা সিটির নিচে নামানো হয় রুবেলকে।রুবেলকে সিএনজিচালিত অটোরিকশায় তোলা হয়। সিএনজিতে পরিচালক আতিকও ছিলেন। পাশের স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় রুবেলকে।হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আহমেদ রুবেলকে বিকেল ৫টা ৫০ মিনিটে হাসপাতালে নেওয়া হয়।তাঁর পালস ছিল না। পরীক্ষা–নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই, ডেড অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল,’ বলেন সেই চিকিৎসক। বিকেল ৫টা ৫৮ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card