ব্যক্তিগত জীবনকে হেয় করার অভিযোগে ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। জিডি নম্বর ১৩২৭। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান।
শুক্রবার অভিনেতার পক্ষে শাকিব খানের ম্যানেজার মনিরুজ্জামান বাদী হয়ে গুলশান থানায় জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, শাকিব খানের পেশাগত ও ব্যক্তিগত জীবনের ক্ষতি করার জন্য তার কিছু ব্যক্তিগত ছবি, মিথ্যা তথ্য ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হচ্ছে।
কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্বারা এই ধরণের সংগঠিত দূষিত এবং মানহানিকর কার্যকলাপ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওর কারণে শাকিব খানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও তার ভক্তরা নানাভাবে অপমানিত হচ্ছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী জানান, জিডির সঙ্গে দেওয়া লিংকগুলো তদন্তের জন্য সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হচ্ছে।
গত ৩০ সেপ্টেম্বর অভিনেত্রী বুবলী ও তাদের সন্তানের সঙ্গে শাকিব খানের বিয়ের খবর প্রকাশ্যে আসে।
এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিতর্কিত পোস্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Comments are closed.