অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে আশা’র। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছে।
ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন।
ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন। তার আপন বোন লতা মঙ্গেশকর ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম এক নক্ষত্র। ঠিক তেমনি আশাও ভারতীয় সঙ্গীতের অন্যতম কিংবদন্তি।
আশা ভোঁসলের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে লেখা ছিল, ‘আশা ভোঁসলে জি হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তার সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’
