শৈলকূপায় দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৬০

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ইউপি সদস্য কফিল মেম্বার ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে কফিল মেম্বার ও মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা চরম রূপ নিলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

 

সংঘর্ষের খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গ্রামে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরেই মূলত দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।