জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় আইভী

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাসা চুনকা কুটিরে ফেরেন আইভী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে আইভী বলেন, আমি চাই সবাইকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো আরও মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করি, সরকার তাদের প্রতিও সদয় হবে।

একইসঙ্গে তিনি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে জামিনে মুক্তি পেয়ে রাত ১০টা ১০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন আইভি।

সেখান থেকে গাড়িতে সরাসরি চলে যান নারায়ণগঞ্জের মাসদাইরে কেন্দ্রীয় সিটি কবরস্থানে। সেখানে তিনি বাবা-মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন। এরপর তিনি বাসায় ফেরেন।

গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরও নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Share this news as a Photo Card