মহানবমীতে ঢাকেশ্বরী মন্দিরে চলছে বিশেষ পূজা ও আনুষ্ঠানিকতা

আজ শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ বেশ কিছু মণ্ডপে চলছে বিশেষ পূজা ও আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরীর পুরাতন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে হোমযজ্ঞ; দেওয়া হয়েছে বলিদান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টার কিছুসময় পর মূল মণ্ডপে বিহিত পূজা শুরু হয়।

মন্ত্রোচ্চারণ, অঞ্জলি ও নানা আচার-অনুষ্ঠানে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। দেবীর আরাধনার জন্য ভোর থেকেই দলে দলে মন্দিরে ভক্ত-অনুরাগীরা হাজির হয়।

সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহানবমী দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এরপরই, বিজয়া দশমী। দশভূজা দেবী মহামায়াকে বিদায় দেওয়ার পালা। তাই, উৎসবের আনন্দের মাঝেও ভক্তদের মনে থাকে বিষন্নতা। তাদের প্রার্থনা একটাই, দেশের মানুষ যেনো শান্তি ও সম্প্রীতিতে একসঙ্গে ভালো থাকতে পারেন। সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক।

 

Share this news as a Photo Card