১৯০ শিশু ও একজন প্রাপ্তবয়স্ককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন কেনিয়ার আলোচিত ধর্মগুরু পল ম্যাকেঞ্জি। অনুসারী ও তাদের সন্তানদের অনাহারে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায়ে সোমবার আদালত এই রায় দেন।
এ সময় তার স্ত্রীসহ ম্যাকেঞ্জির ধর্মীয় গোষ্ঠীর আরও ২৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। খবর আলজাজিরার।
আগামী ৬ নভেম্বর ম্যাকেঞ্জি ও অন্য আসামিদের সাজা ঘোষণা করা হবে।
২০২৩ সালে গোপন সূত্রের খবরে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের প্রধান ম্যাকেঞ্জিকে গ্রেফতার করে পুলিশ।
প্রসিকিউশনের অভিযোগ– তিনি অনুসারীদের নির্দেশ দেন, পৃথিবী ধ্বংসের আগে স্বর্গে যেতে নিজেদের ও সন্তানদের অনাহারে মরতে হবে। তার দাবি ছিল, এভাবে মারা গেলে শিশুরা ‘যিশুর সঙ্গে মিলিত হতে’ পারবে।
তার দেয়া তথ্যের ভিত্তিতে শাকাহোলা বন থেকে এ পর্যন্ত চারশ’র বেশি মরদেহ উদ্ধার হয়েছে।
