পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে দুর্গাপূজা উদযাপন করেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে পূজার বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের নজর কেড়েছে পরিবারের উৎসবের সাজসজ্জা, বিশেষ করে ছোট্ট মালতীর মিষ্টি লুক।
বুধবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করেন প্রিয়াঙ্কা। ঘরোয়া এই আয়োজনে, শিবলিঙ্গে অভিষেকের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
একটি ছবিতে নিককে মেয়ে মালতীর পা ধুয়ে দিতে দেখা যায়, যা হিন্দুধর্মের কন্যাপূজার রীতির কথা মনে করিয়ে দিয়েছে।
ছবিগুলোর সঙ্গে প্রিয়াঙ্কা লেখেন, ‘মা দুর্গার শক্তি, আমাদের প্রার্থনার পবিত্রতা এবং দশেরার চেতনা আজ, আগামীকাল ও সব সময় আমাদের সবার সঙ্গে থাকুক।’
উৎসব উপলক্ষে পোশাকেও মিল রেখেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। দু’জনের পোশাকেই ছিল সবুজের ছোঁয়া। নিক পরেছিলেন সবুজ কুর্তা, আর প্রিয়াঙ্কাকে দেখা যায় সবুজ ঐতিহ্যবাহী পোশাকে। তবে সবার নজর কেড়েছে মেয়ে মালতী। ছোট্ট ফ্রকের সঙ্গে তার গলায় ছিল ‘জয় মাতা দি’ লেখা স্কার্ফ, হাতে মানানসই চুড়ি।
পরিবারের এই উৎসবের ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। একজন মন্তব্য করেন, প্রিয়াঙ্কার প্রভাবে নিক পুরোপুরি দেশি হয়ে উঠেছেন। আরেকজন লেখেন, মালতী অনেক বড় হয়ে যাচ্ছে, পরিবার হিসেবে তারা অনুপ্রেরণাদায়ক। মালতীর হাতের ছোট ছোট চুড়ি ও গলার স্কার্ফের প্রশংসাও করেছেন অনেকে।
