শাকিব খানের ‘তাণ্ডব’ পাইরেসি: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

দর্শকপ্রিয়তার তুঙ্গে থাকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর এবং একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম।

তিনি জানান, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া বনানী থানায় মামলা করেন। মামলায় বলা হয়, গত ৪ জুন ‘তাণ্ডব’ সিনেমার পাইরেটেড ভিডিও ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয়। একাধিক অনলাইনে এইচডি কনটেন্টও আপলোড করা হয়।

মামলাটি তদন্তে নিয়ে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সিনেমা হল অপারেটর সাজেদুল ইসলাম পাইরেসি চক্রের আরও সদস্যদের নাম প্রকাশ করেছেন। তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

ডিবির কর্মকর্তারা বলেন, টেলিগ্রাম চ্যানেলটি থেকেই প্রথম ভিডিও ছড়ানো হয়। এটি কারা চালাচ্ছে, কোথা থেকে পরিচালিত হচ্ছে, তা শনাক্তে কাজ চলছে। এই অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা রায়হান রাফি। শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও রয়েছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।

এনএএন টিভি