শাহরুখ পত্নীর রেস্তোরাঁয় ‘ভেজাল খাবার’ নিয়ে তোলপাড়

বলিউড মেগাস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের রেস্টুরেন্টে নকল পনিরের অভিযোগ তুলেছেন ভারতীয় ইউটিউবার সার্থক সচদেব। অন্তর্জালে এ ঘটনা ছড়িয়ে পড়ার পরই মিশ্র প্রতিক্রিয়া করছেন নেটিজেনরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ইউটিউবার সার্থক সচদেব অসংখ্য তারকাদের রেস্টুরেন্ট ঘুরেছেন। সেখানকার খাবারের রিভিউ দিয়েছেন তার তৈরি কনটেন্টের মাধ্যমে। কিন্তু এবারই গৌরীর রেস্টুরেন্টে গিয়ে খাবারে ভেজাল পেলেন তিনি।

জানা যায়, গত বছর চালু হওয়া গৌরীর রেস্টুরেন্ট ‘তরী’তে সম্প্রতি হাজির হয়েছিলেন সার্থক। সেখানকার বিলাসবহুল অভ্যন্তরীণ সাজসজ্জায় মুগ্ধ হন তিনি। তবে খাবার সম্পর্কে ভালো মন্তব্য তিনি করতে পারেননি। কেননা রেস্টুরেন্টে পরিবেশন করা হচ্ছিল নকল পনির।

স্টার্চযুক্ত পনির দেখে তাতে দ্রুত পনিরের ওপর আয়োডিন ড্রপ দিয়ে পরীক্ষা করেন সার্থক। এরপরই পনিরের রং বদলে কালো ও নীলচে হয়ে যায়। এরপরই তিনি ঘোষণা দেন গৌরীর রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে নকল পনির।

তবে এ ইউটিউবারের সঙ্গে একমত হতে পারেননি ভারতের নয়ডার একটি বেসরকারি হাসপাতালের পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ক বিভাগীয় প্রধান চিকিৎসক কিরণ সোনি। তিনি বলেন, আয়োডিন পরীক্ষায় পনিরের রং বদলে গেলে সে পনিরকে পুরোপুরি নকল বলা যায় না। কারণ আয়োডিন পরীক্ষায় পনিরের রং বদলে যাওয়া মানে এতে শর্করা রয়েছে।

তিনি আরও বলেন, পনির রান্নার প্রক্রিয়াতে শর্করা থাকলে এমনকি পনিরের আকৃতি ঠিক রাখার জন্য ময়দা ব্যবহার করলেও আয়োডিন পরীক্ষায় পনিরের রং বদলাবে। তাই শুধু আয়োডিন টেস্টে বলা যায় না পনির নকল। এরজন্য ভেজাল পনির নিশ্চিত হওয়ার জন্য সে পনির গবেষণাগারে নেয়া জরুরী।

এনএএন টিভি