শিক্ষার্থীদের সেভ করতে বললেন আয়মান সাদিক

কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দেওয়ায় পাঁচ কোটি টাকার সরকারি বিনিয়োগ হারিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক। তবুও শিক্ষার্থীদের পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতে থেমে নেই তারকাদের ফেসবুক টাইমলাইন। সরব হয়েছেন শোবিজ অঙ্গন থেকে মিডিয়া পাড়ার অনেক তারকারা। এবার নতুন করে পোস্ট দিলেন আয়মান সাদিক ।

বুধবার (১৭ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে নিজের ফেসবুক পেজে চলমান ইস্যু নিয়ে নতুন স্ট্যাটাস দিয়েছেন তিনি। তাতে শেয়ার করা একটি ফটোকার্ডে আয়মান সাদিক লিখেছেন, ‘সেভ আওয়ার স্টুডেন্টস’। আর ফটোকার্ডটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অল আইয়েজ অন আওয়ার স্টুডেন্টস’। অর্থাৎ, ‘সবার নজর আমাদের শিক্ষার্থীদের দিকে’।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) আয়মান সাদিকের মালিকানাধীন অনলাইনভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলে পাঁচ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বাতিল ঘোষণা করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিনিয়োগের প্রস্তাব বাতিলের এ ঘোষণা দেন। একইদিন সচিবালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়েও প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান। কেন চুক্তি বাতিল করা হয়েছে, তা সরাসরি না জানালেও পলক কোটা সংস্কার আন্দোলনে আয়মান সাদিকের সমর্থন দেওয়ার বিষয়টির দিকেই ইঙ্গিত করেন।

উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কারের আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। এসময় কফিন ছুঁয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এনএএন টিভি