গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী

দুই বছর ধরে বিমান হামলা চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গতকাল বুধবার থেকে গাজার মধ্যাঞ্চলে এ অভিযান শুরু হয়েছে। হামাস নিয়ন্ত্রিত এ অঞ্চলে ইসরায়েলি ট্যাংক মোতায়েনের খবরও পাওয়া গেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন। পরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আইডিএফ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথভাবে মধ্য গাজায় স্থল অভিযান শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই এ অভিযানের লক্ষ্য। হামাসের তৈরি ওই সুড়ঙ্গপথটি ইসরায়েলি বাহিনীর জন্য সরাসরি ও বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল বলে দাবি করেছে আইডিএফ।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরায়েল। এ রেখা গাজার ইসরায়েলি বাহিনী ও হামাস নিয়ন্ত্রিত এলাকাগুলোকে আলাদা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে ফিলিস্তিনের এই ভূখণ্ডের ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় ইসরায়েলি সামরিক যানও দেখা গেছে। সেখানে দুপুর থেকে গোলাগুলির পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রয়েছে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card