টাকাপয়সা নিয়ে গণ্ডগোলের জেরে ৭০ বছর বয়সী এক সাধুকে কুপিয়ে খুন করল এক মহিলা। নৃশংস এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বাবা ভোলানাথ নামে ওই বৃদ্ধ সাধু নাথাউর পুলিশ স্টেশনের অন্তর্গত কাসামপুর লেখরাজ গ্রামে একটি শশ্মানে আশ্রয় নিয়েছিল। এদিকে সেখানে আগে থেকেই বসবাস করত মহারানী নামে এক মহিলা। ভোলানাথ এখানে আসার আগে এই শশ্মানে আগে থেকেই থাকত ওই মহিলা। সম্প্রতি শশ্মানে আসা যাত্রীদের দেওয়া টাকা কে নেবে তা নিয়ে অশান্তি বাধে ভোলানাথ ও ওই মহিলার মধ্যে। শুক্রবার রাতে এই নিয়ে কথা কাটাকাটির মাঝে আচমকা ভোলানাথের উপর ছুরি নিয়ে হামলা চালায় মহারানী। ভোলানাথের শরীরের বিভিন্ন অংশে একাধিক বার ছুরি নিয়ে হামলা চালায় সে। পরে বিষয়টি দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধ সাধুকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে যাওয়ার পর ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
